নিউজ প্রবাসী ডেক্স:
আন্তর্জাতিক নৌপথে অস্থিরতা ও জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হলেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের জয় পাহাড় এলাকায় বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
বিপিসি চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হলেও তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। পরবর্তী সময়ের চাহিদা পূরণে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা চলছে।
জ্বালানি তেল পরিবহনের অবকাঠামো উন্নয়নের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকল্পটির কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে।
মহেশখালীর গভীর সমুদ্রে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসপিএম পরিচালনার জন্য অপারেটর নিয়োগের বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান।
এদিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। চলতি মাসের শেষে একটি এলপিজি চালান আসার কথা রয়েছে। দীর্ঘমেয়াদে বেশি পরিমাণে এলপিজি আমদানির পরিকল্পনাও করা হচ্ছে।
বিপিসি চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দেশের নিয়ন্ত্রণের বাইরে হলেও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্প নিয়ে কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts