নিউজ প্রবাসী ডেক্স :
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের তদন্তে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের নমুনা সংগ্রহের জন্য সোমবার তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামতের সঙ্গে দুই আসামির ডিএনএ মিলিয়ে দেখতে তাদের নমুনা সংগ্রহ করা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি কিংবা কোনো জৈবিক আলামতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল কি না, তা যাচাইয়ের চেষ্টা করা হবে।
গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী ও প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে দুই দিন যোগাযোগ না হওয়া এবং বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্বজনরা সেখানে গিয়ে মরদেহ দেখতে পান।
পরে এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
হত্যাকাণ্ডের তদন্তে ইতোমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন, আসামিদের জবানবন্দি ও বিভিন্ন আলামত পর্যালোচনা করছে ডিবি। এর পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামলায় গ্রেপ্তার দুই আসামির সংশ্লিষ্টতা সম্পর্কে আরও বৈজ্ঞানিক তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।
এর আগে পুলিশ জানিয়েছিল, দুই আসামির ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হবে। তদন্তের বিভিন্ন তথ্য ও ফরেনসিক আলামত মিলিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা নিশ্চিত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts