নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, মরিয়মের বয়স ১৯ বছর।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধারে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মৃত্যুর সঠিক সময় ও কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্তের পাশাপাশি ময়নাতদন্ত করা হবে। এসব প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলাম এর আগে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। তখন গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী এবং মরিয়মের পক্ষ থেকে তাদের বিয়ের দাবি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিয়ের কাগজপত্র ও অন্যান্য তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্নও ওঠে।
এদিকে রোববারই পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিননামা ঢাকার বিচারিক আদালতে জমা দেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
মরিয়মের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো চূড়ান্ত কারণ জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।