নিউজ প্রবাসী ডেক্স :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমন্বিত উদ্যোগ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট, মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমান বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্ব দেন।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির ভূমিকার প্রশংসা করেন। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমার থেকে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts