নিউজ প্রবাসী ডেক্স:
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। বাছাইপর্বের নিজের হিটে চতুর্থ হলেও দ্রুততম সময়ের ভিত্তিতে পরের রাউন্ডে উঠেছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
বৃহস্পতিবার জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পঞ্চম হিটে দৌড়ান ইমরানুর। ১০ দশমিক ৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে তিনি হিটে চতুর্থ হন।
প্রতিটি হিট থেকে সরাসরি শীর্ষ তিনজন পরের ধাপে ওঠার পাশাপাশি দ্রুততম সময়ের ভিত্তিতে আরও কয়েকজনকে নেওয়া হয়। ইমরানুরের ১০.৪৯ সেকেন্ডের টাইমিং তাকে সেই সুযোগ এনে দেয়। ছয়টি হিট মিলিয়ে ২৪ জন সেমিফাইনালিস্টের মধ্যে তিনি ২২তম হয়েছেন।
নিজের হিটে তৃতীয় হওয়া প্রতিযোগীর সঙ্গে ইমরানুরের সময়ের ব্যবধান ছিল ০.৩২ সেকেন্ড। ফলে অল্পের জন্য সরাসরি জায়গা না পেলেও পরের ধাপে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি।