নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলার পাশাপাশি অফিস ও টিকাদান সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী থানার ওসি জানান, মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সময় হামলাকারীরা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয় এবং পরে জমির সামনে ‘সম্মাননা দোকানদার সমিতি লিঃ’ লেখা একটি সাইনবোর্ড টাঙিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ীর ভাষ্য, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি দখলের উদ্দেশ্যেই হানিফ মিয়ার নেতৃত্বে হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ অভিযোগের বিষয়ে হানিফ মিয়ার বক্তব্য জানা যায়নি।
রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার এক বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেন। তাঁর দাবি, দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চালায়।
তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
নাসরিন আখতারের দাবি, হামলার কারণে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এতে দেড় কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং মামলায় উল্লেখ করা অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।