নিউজ প্রবাসী ডেক্স :
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশের উদ্দেশে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা দেশের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরাও সড়কের পাশে অবস্থান করে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রতিনিধি দলে ছিলেন জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ অন্যরা।
প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন তারেক রহমান। বৃহস্পতিবার অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে তিনি বাংলায় ভাষণ দেন।
সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ সভা এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেন।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সফর শেষে শুক্রবার রাতে নিউ ইয়র্ক ছাড়ার মধ্য দিয়ে তার এবারের যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি শেষ হলো।