নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এরপর একই পরিবারের কয়েকজন নিখোঁজ হন।
দুই দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হেলাল উদ্দিনের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।