নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানিয়েছেন। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিলের জন্য জড়ো হয়েছিলেন।
ওসি জানান, পুলিশ তাদের ছত্রভঙ্গ করার সময় মিছিল থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে।
মিছিলের ব্যানারে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়।
আটকদের পরিচয় যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি ইমদাদুল ইসলাম।