নিউজ প্রবাসী ডেক্স :
টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় নগরজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে প্রধান সড়কগুলোতে পানি জমে অনেক গাড়ি আংশিক ডুবে যায়। কোথাও কোথাও বাসিন্দাদের কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন তিনি। পানি সরাতে পাম্প ব্যবহার করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
খালপাড়ের বাসিন্দাদের ঘরের মালামাল নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অপ্রয়োজনে বাইরে না বের হতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীও সহায়তা করছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত আরও ভারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এতে খাল উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এখন পর্যন্ত ব্যাংককে এবারের বন্যায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর প্রধান বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু থাকলেও যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts