নিউজ প্রবাসী ডেক্স :
গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটনকেন্দ্র প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি দোতলা আবাসিক ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে শনিবার ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
অ্যাক্রোপোলিস ও টেম্পল অব জিউসের কাছাকাছি ঐতিহাসিক এ এলাকায় বিস্ফোরণের পর ভবনটি প্রায় পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ছড়িয়ে পড়ে কাচ ও ধ্বংসাবশেষ।
উদ্ধারকাজে দমকলকর্মীদের সঙ্গে প্রশিক্ষিত কুকুর, ক্যামেরা ও বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভবনের বড় অংশ ধসে পড়ায় এবং আশপাশের স্থাপনাগুলোও ঝুঁকিতে থাকায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। নিরাপত্তার জন্য পাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে ওই ভবনের একটি ফ্ল্যাটে এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি অংশে চার মার্কিন পর্যটক অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছিল। পর্যটকদের শুক্রবার এথেন্স বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ধরার কথা থাকলেও তারা সেখানে পৌঁছাননি।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি। তবে ঘটনাস্থলে গ্যাসের গন্ধ পাওয়ার খবর এবং এথেন্সের মেয়র হারিস দুকাসের বক্তব্যের ভিত্তিতে গ্যাস অবকাঠামোর ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে তদন্ত করা হচ্ছে।
প্লাকা এথেন্সের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। সেখানে বিপুলসংখ্যক হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসন রয়েছে। ঘটনার কারণ জানতে দমকলের তদন্তকারী ইউনিটও কাজ করছে।