নিউজ প্রবাসি ডেক্স :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একাদশ দিনে শুক্রবার ছুটির দিনেও তারা বিক্ষোভ মিছিল করেছেন।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক শিক্ষার্থী বলেন, আন্দোলনের ১১ দিন পার হলেও তাদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তের কথাও জানান তারা।

আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদেই ছুটির দিনেও তারা কর্মসূচি পালন করেছেন। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

এর আগে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের কারণে ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts