নিউজ প্রবাসী ডেক্স:
ওয়াশিংটন প্রতিনিধি: ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ দেশটির আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি উভচর সেনাদল মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। একই ঘাঁটি থেকে ‘মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’ও পশ্চিম এশিয়ার পথে রওনা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, মেকিন আইল্যান্ডের ল্যান্ডিং ফোর্স গ্রুপে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছে। নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের এসব রণতরী ও সেনাদল পূর্ণাঙ্গভাবে মোতায়েন হওয়ার কথা রয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, পশ্চিম এশিয়ায় বিপুল সামরিক শক্তি জড়ো করার ফলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
এদিকে সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি ক্রিপ্টোভিত্তিক গোপন ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরান ওই নেটওয়ার্ক ব্যবহার করত বলে দাবি করা হয়েছে।
নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার পথ বন্ধ করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।