নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বাদশ দিনে গড়িয়েছে। শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা দ্রুত সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

দুপুর আড়াইটায় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লেখা ব্যানারও ছিল তাদের হাতে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, প্রশাসনের নীরবতায় তারা ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় দ্রুত সমাধানের উদ্যোগ চান তারা।

২২ সেপ্টেম্বর থেকে আন্দোলনের কারণে চুয়েটের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হলে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। পরে সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

২৪ সেপ্টেম্বর বিকালে অনলাইনে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি চুয়েট ক্যাম্পাসে যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts