
নিউজ প্রবাসী ডেক্স :
সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতি মানে নীরবতা নয়। দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা হলেই তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনতেই তিনি কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বা মামলা দিয়ে দলকে দমন করা সম্ভব নয়। জনগণের সমর্থন নিয়েই দলটি বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক নেতাকর্মী নিরাপত্তাহীনতার কারণে দেশের বাইরে অবস্থান করছেন। তবে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে তারাও দেশে ফিরবেন।
সাক্ষাৎকারে দেশের অর্থনীতি, জঙ্গিবাদ, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উগ্রবাদ ও সহিংসতার ঝুঁকি বেড়েছে।
এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল এবং বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছিল।
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “আল্লাহ আমাকে বহুবার রক্ষা করেছেন। তাই আমি বিশ্বাস করি, খুব শিগগিরই দেশের মাটিতে ফিরতে পারব।”