
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। ঢাকা, খুলনা ও রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। বর্তমান বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে অবসরে যাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক–এর স্থলাভিষিক্ত হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন।
অপরদিকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বদলি করে ঢাকার এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পাঠানো হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।