নিউজ প্রবাসী ডেক্স :

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে ৯২৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮, সিলেটে ৮৫, ময়মনসিংহে ৬২, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, খুলনায় ২৯ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ৯২৫ জনের মধ্যে ৮৭৮ জনকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৪ জন, চট্টগ্রামে ১৮৯ জন, বরিশালে ১২৮ জন, সিলেটে ৭৯ জন, ময়মনসিংহে ৫১ জন, খুলনায় ৪৯ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুরে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৮ হাজার ৮৪৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন।
এদিকে দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন। পরিস্থিতি মোকাবিলায় শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts