
নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। দলের দীর্ঘদিনের পরিচিত নির্বাচনী প্রতীক ‘জোড়া ঘাসফুল’ নিয়ে শুরু হয়েছে নতুন অনিশ্চয়তা।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দলটির অভ্যন্তরীণ বিরোধ তীব্র আকার ধারণ করে। একদল ‘বিদ্রোহী’ নেতা দলীয় নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলে নতুন কমিটি ঘোষণা করে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়া হয়।
এ ঘটনার পর থেকেই দলীয় প্রতীক ‘জোড়া ঘাসফুল’ দখল নিয়ে জোর রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিদ্রোহী পক্ষ দাবি করছে, তারা নির্বাচন কমিশনে নতুন কমিটির তথ্য জমা দিয়ে প্রতীক ব্যবহারের আইনি অধিকার চাইবে।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত অংশ বিদ্রোহীদের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কমিশন যদি নতুন কমিটিকে স্বীকৃতি দেয়, তাহলে ‘জোড়া ঘাসফুল’ প্রতীক নিয়ন্ত্রণ নিয়ে বড় পরিবর্তন ঘটতে পারে।
দলীয় ইতিহাস অনুযায়ী, ‘জোড়া ঘাসফুল’ প্রতীক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের পরিচয়ের অংশ হয়ে আছে। ফলে এই প্রতীক হারানোর আশঙ্কা দলটির জন্য বড় রাজনৈতিক ও সাংগঠনিক চাপ তৈরি করেছে।