জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে। নিয়োগপ্রক্রিয়া, ক্যাডারভুক্তি, চাকরির জ্যেষ্ঠতা এবং পদোন্নতির অধিকার নিয়ে দুই পক্ষের মতবিরোধে অধিদপ্তরের প্রশাসনিক পরিবেশে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সম্পর্ক ও দাপ্তরিক কার্যক্রমে।
বিরোধের সূত্রপাত ২০১৯ সালের একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে। ওই বছরের জানুয়ারিতে ৯৫ জন কর্মকর্তাকে জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলেও কয়েক মাসের মধ্যে সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২০ সালে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্তির সুপারিশের পক্ষে কমিশনে কোনো নথি পাওয়া যায়নি।
অন্যদিকে, ২০১২ সালে বিধিমালা ও পদসংকটের কারণে পিএসসির সুপারিশ পাওয়া ৩২ জন নন-ক্যাডার কর্মকর্তার ক্যাডারভুক্তির সুযোগ দেওয়া হয়নি। এ অবস্থায় ২০১৯ সালে অধিদপ্তরে ১৯৫টি নতুন ক্যাডার পদ সৃষ্টি করা হলেও এসব পদ সৃষ্টির আগে থেকে কার্যকারিতা দেওয়ার কোনো নির্দেশনা ছিল না বলে দাবি করছেন বিসিএস কর্মকর্তারা।
তাদের অভিযোগ, ২০২২ সালের ১৫ জুন ৯০ জন কর্মকর্তাকে রাজস্ব খাতে যোগদানের আগের সময় থেকে ক্যাডারভুক্ত করা হয়। অথচ সংশ্লিষ্ট সময়ে এসব পদের অস্তিত্ব ছিল না বলে স্থানীয় সরকার বিভাগের আগের একটি চিঠিতে উল্লেখ রয়েছে। ফলে পদ না থাকা অবস্থায় কীভাবে পূর্ববর্তী তারিখ থেকে ক্যাডারভুক্তির সুবিধা দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিরোধের কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যাডারভুক্ত কর্মকর্তাদের আগের চাকরিকাল জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে গণনা করা হবে কি না। এ নিয়ে দুই পক্ষের মতবিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।
বিসিএস কর্মকর্তাদের অভিযোগ, নিয়মিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দীর্ঘদিন চাকরি করেও পদোন্নতি পাচ্ছেন না। অথচ ক্যাডারভুক্তির অল্প সময়ের মধ্যেই ৯০ জনের মধ্যে ৪৫ জনকে ভূতাপেক্ষভাবে পঞ্চম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিয়মিত বিসিএস কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
তাদের দাবি, সরকারি কর্মকমিশনের সুপারিশ এবং প্রচলিত নিয়োগবিধি অনুসরণ না করেই ২০১৭ সালের আগের ৯০ জন প্রকল্প ও নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করা হয়েছে। এমনকি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির তারিখেরও আগে থেকে তাদের ক্যাডার মর্যাদার সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ কর্মকর্তারা ২০২২ সালে উচ্চ আদালতে মামলা করেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মামলাটি এখনো বিচারাধীন। তবে মামলা চলমান থাকার মধ্যেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পঞ্চম গ্রেডের সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ করেছেন বিসিএস কর্মকর্তারা।
বিধি অনুযায়ী নিয়মিত বিসিএস কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নির্দিষ্ট চাকরিকাল পূর্ণ করতে হয়। এ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
চাকরির বিধানাবলি বিষয়ক বইয়ের লেখক মোহাম্মদ ফিরোজ মিয়া দাবি করেছেন, ক্যাডারভুক্তির মাত্র তিন মাসের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিধিগত সুযোগ নেই। তার মতে, এভাবে জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য যথাযথ আইনি ভিত্তি থাকা প্রয়োজন।
এদিকে, ২০২২ সালের ১৯ জুন বিসিএস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন করা হয়। সংগঠনের সভাপতি বিলকিস আকতার ও সাধারণ সম্পাদক ইবনে মায়াজ প্রামাণিক স্বাক্ষরিত ওই আবেদনে ৯০ জন কর্মকর্তার ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন সংশোধনের দাবি জানানো হয়।
আবেদনে বলা হয়, ক্যাডার পদ সৃষ্টির আগেই ৯০ জন সহকারী প্রকৌশলীকে ভূতাপেক্ষভাবে ক্যাডারভুক্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট ক্যাডার গঠন ও নিয়োগবিধির সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এসব কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করার বিষয়ে পিএসসির কোনো সুপারিশ ছিল না বলেও দাবি করা হয়।
অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর অভিযোগ, এ সিদ্ধান্তের কারণে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ অনেক কর্মকর্তা জ্যেষ্ঠতার তালিকায় পিছিয়ে পড়েছেন। ফলে দীর্ঘদিনের চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
সব মিলিয়ে নিয়োগবিধির যথাযথ প্রয়োগ, ক্যাডারভুক্তির বৈধতা এবং জ্যেষ্ঠতা নির্ধারণের বিষয়গুলো নিষ্পত্তি না হওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিরোধের অবসান হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, স্বচ্ছ তদন্ত ও বিধিসম্মত সিদ্ধান্ত ছাড়া এ অস্থিরতা কাটানো কঠিন হবে।