ভারতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। দীর্ঘদিন ধরে ভারতে বসবাস, পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক, হয়রানি এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন কয়েকটি পরিবারের দুর্ভোগের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারও স্বজনকে আটক করা হয়েছে, কাউকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে, আবার কেউ নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।

এমনই একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে বাড়ি থেকে বাজার করতে বের হওয়ার পর আর পরিবারের কাছে ফিরতে পারেননি তিনি। তিন মাসের বেশি সময় ধরে স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন সাহিদার বর্তমান অবস্থান বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে।

সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করে মুঠোফোন কেড়ে নেন। ওই ফোনে তাঁর পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ নথির কপি সংরক্ষিত ছিল। পরে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

রয়টার্সের সঙ্গে কথা বলা আরও ১০টি পরিবারের সদস্যদের অভিজ্ঞতাতেও একই ধরনের উদ্বেগের কথা উঠে এসেছে। তাঁদের কারও স্বজন আটক, কেউ দেশছাড়া, আবার কেউ নাগরিকত্ব যাচাইয়ের নামে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন। অথচ পরিবারের অন্য সদস্যদের নাম এখনো ভারতের ভোটার তালিকায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে এত বড় পরিসরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি। বিভিন্ন তথ্য ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে এ প্রক্রিয়ায় মুসলিম সম্প্রদায়ের ওপর তুলনামূলক বেশি প্রভাব পড়ার বিষয়টি উঠে এসেছে। তবে বৈধ নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন বিজেপি।

পশ্চিমবঙ্গে চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম।

গত ৫ নভেম্বর এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে তাঁদের দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।

এদিকে সাহিদা ফকিরকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তাঁর পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে। আবেদনে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি হয়ে যাওয়া নয়।

পরিবারের দাবি, সাহিদার মা-বাবা ও দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল। এমনকি ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ। তাঁর দাবি, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জন মুক্তি পেলেও নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।

মানবাধিকারকর্মী কিরিটি রায়ের ভাষ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়েছে। কিন্তু সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোতে শুনানি চলছে ধীরগতিতে। ফলে নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও অনেক মানুষকে ন্যায়বিচারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

এ পরিস্থিতিতে ভারতে বসবাসরত মুসলিম পরিবারগুলোর মধ্যে আটক, দেশছাড়া এবং স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts