নিউজ প্রবাসী ডেক্স:
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯), দুই কিশোর এবং আবদাল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে তুহিনকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই কিশোরকে আটক করা হয়। পরে সিয়ামকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শুক্রবার বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। রাতে সে বাড়িতে না ফেরায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ সুপার বলেন, অপ্রতিমের সঙ্গে বয়সে বড় কয়েকজনের বন্ধুত্ব ছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলায় তুহিন ও দুই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় পুলিশের অভিযোগগুলো আদালতে প্রমাণের বিষয়টি এখনো বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts