নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গঠনের পরিকল্পনার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাক্ষ্য-প্রমাণ বা তথ্য না পাওয়ায় তাদের অভিভাবক বা মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১২ জনের ফোনের ফরেনসিক তথ্য ও জিজ্ঞাসাবাদে একটি সংগঠন গঠনের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ওই ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে সংগঠন গঠন করে খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন এবং উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে।
এ ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ১২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জনকে জঙ্গি সন্দেহে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পাওয়া তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।