
নিউজ প্রবাসী ডেক্স :
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার প্রাথমিক তদন্তে মার্কিন সামরিক বাহিনীর তদন্তকারীরা মনে করছেন, হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, তদন্ত এখনও চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছে এবং কারা দায়ী—তা স্পষ্টভাবে জানাতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা।
জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেনি দাবি করেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় এ প্রাণহানি ঘটেছে। নিহতদের স্মরণে মিনাবে শোকর্যালি অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিপুল মানুষের অংশগ্রহণ দেখা গেছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্কুল, হাসপাতাল বা অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।