নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি বলে দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। তবে সংবাদপত্রটির এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে পরিচয় প্রকাশ না করার শর্তে ছয়জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে কিছু মৃত্যুর তথ্য পেন্টাগনের প্রকাশ্য হতাহত-তালিকায় নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পোস্টের উল্লেখ করা ২২ জনের সংখ্যা পেন্টাগনের প্রকাশ্য হিসাবের চেয়ে চারজন বেশি। পেন্টাগনের প্রকাশ্য ডেটাবেইজে বর্তমানে ১৮ জন মার্কিন সেনার মৃত্যুর তথ্য রয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন কর্মকর্তা নিহতের সংখ্যা ২৩ জন হতে পারে বলে জানিয়েছেন। তবে প্রকাশ না হওয়া মৃত্যুগুলোর সবগুলো সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়। কিছু সেনা সংঘাত চলাকালে পশ্চিম এশিয়ায় মোতায়েন ছিলেন।
এদিকে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এটিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনও হতাহতের হিসাবের এই পার্থক্য নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
পেন্টাগনের প্রকাশ্য তথ্য অনুযায়ী, ইরান সংঘাত শুরু হওয়ার পর ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ৮২০ জনের বেশি সেনা আহত হওয়ার তথ্যও প্রকাশ্য সামরিক ডেটাবেইজে রয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিহত সেনাদের প্রকৃত সংখ্যা নিয়ে হিসাবের পার্থক্য শুধু জনসাধারণের তথ্যের স্বচ্ছতার বিষয় নয়; সামরিক সদস্যদের মৃত্যুর কারণ ও দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত তদন্তের ওপরও এর প্রভাব পড়তে পারে। এসব তদন্তের সঙ্গে নিহতদের পরিবারের বিভিন্ন সুবিধা পাওয়ার বিষয়টি জড়িত।
প্রতিবেদনটি নিয়ে ওয়াশিংটন পোস্টের কাছে জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বর্তমানে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশ্য হিসাব এবং সংবাদমাধ্যমটির কর্মকর্তাভিত্তিক দাবির মধ্যে পার্থক্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts