নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।
মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। মুহূর্তেই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি। নিচে নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নেন বাংলাদেশের গাজীপুরের মহম্মদ আসাফুল জামাল ও তার ভাই। সেখানে আরও ২০ থেকে ২৫ জন আশ্রয় নিয়েছিলেন।
ঢাকার নাজমুল সরকারও ধোঁয়ার মধ্যে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে কোনোমতে ওপরে উঠে প্রাণে বাঁচেন। তার ভাষায়, একপর্যায়ে অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারছিলেন না তিনি।
আরেক বাংলাদেশি কাওসার হোসেন পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হওয়ার পর ঘরে পাসপোর্ট রেখে আসার কথা মনে পড়ে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আবারও আগুনে ভরা ভবনে ঢোকেন তিনি।
এ ঘটনায় কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts