দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয় এতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪১৪ জন। এ ছাড়া পরীক্ষায় আরও ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে।
গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের মধ্যে হাম প্রতিরোধে সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।