আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এখন গোপালগঞ্জকেন্দ্রিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যমান নয়।
সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচি নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, দলটির বর্তমান কর্মকাণ্ড তাদের সাংগঠনিক দুর্বলতারই প্রতিফলন। তাঁর ভাষ্য, গোপালগঞ্জের বাইরে সারা দেশে আওয়ামী লীগের তেমন কোনো কার্যক্রম নেই। জুলাইয়ের ঘটনাপ্রবাহ অস্বীকার করে দলটির পক্ষে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী। তাঁর দাবি, আওয়ামী লীগ সভানেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারণা ছিল রাজনৈতিক কৌশল। নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় ওই বিষয় থেকে মনোযোগ সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর ধারণা।
আন্দালিভ রহমান আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার মতো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না বলেও জানান তিনি।