দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। শেষ ধাপের ভোট হবে ২৭ মে। প্রতিটি ধাপের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম তথা শেষ ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে অথবা নির্বাচনী চক্রের মধ্যে রয়েছে, সেগুলোর ভোট আগামী ২৭ মের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব জেলায় একই সময়ে নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে কমিশনের।
তিনি বলেন, উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়নে আগে নির্বাচন হওয়ার কথা ছিল কিংবা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি ইউনিয়ন পরিষদগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচনের তফসিল ভোটগ্রহণের ৩৮ থেকে ৪৫ দিন আগে ঘোষণা করা হতে পারে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করবে ইসি। কমিশনের আগের বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।