দেশের স্থানীয় প্রশাসন ব্যবস্থায় নতুন বিন্যাস আনতে দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানার অংশবিশেষ নিয়ে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
নতুন পৌরসভা হিসেবে যুক্ত হচ্ছে বগুড়ার মোকামতলা এবং সিলেটের জৈন্তাপুর। এর ফলে স্থানীয় সরকার কাঠামোয় আরও দুটি পৌরসভা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
অন্যদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।
প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে নিকার। লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর এবং ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।
এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।