২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বৈঠকের পর ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বড় আইসিসি টুর্নামেন্টগুলোর সূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩১ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে। এর আগে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ওই আসর শুরু হবে ৭ অক্টোবর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
এদিকে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২ অক্টোবর। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। তবে ওই আসরের আয়োজক দেশগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইসিসির পরিকল্পনায় রয়েছে আরও কয়েকটি বড় প্রতিযোগিতা। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিনটি ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। তবে ২০৩৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। ঘোষিত সূচিতে ২০৩৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ আসর অন্তর্ভুক্ত রয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, বৈশ্বিক ক্রিকেটের কাঠামো শক্তিশালী করতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দীর্ঘমেয়াদি সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিযোগিতা খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে এবং ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশকে আরও সমৃদ্ধ করে।
তিনি আরও জানান, আগেভাগে টুর্নামেন্টের পরিকল্পনা প্রকাশের ফলে খেলোয়াড়দের উন্নয়ন, সদস্য দেশগুলোর উচ্চমানের কর্মসূচি গ্রহণ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সুবিধা হবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে ক্রিকেটবিশ্বের আগ্রহের মধ্যেই আগামী কয়েক বছরের বড় আসরগুলোর সূচি প্রকাশ করল আইসিসি।