আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।

মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, গত রোববার (১৫ নভেম্বর) রুজভেল্ট সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করে। আগে পরিকল্পনা ছিল, নতুন এই রণতরি পাঠিয়ে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে সরিয়ে নেওয়া হবে। তবে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে রণতরি মোতায়েনের দিনই বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে এটি ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য, ইরানের পাঠানো দুটি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের বাহিনী।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিতে মাস্কাটে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। অন্যদিকে, একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts