
নিউজ প্রবাসী ডেক্স :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৭ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় ১৬ জন এবং সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিদেশে শিক্ষাছুটিতে থাকা ১৬ শিক্ষককে একাধিকবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা সাড়া দেননি। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় গত ২৩ জুন অনুষ্ঠিত ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সব আর্থিক সুবিধা বিধি অনুযায়ী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, আইন, লোকপ্রশাসন, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা শিক্ষা এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকরা।
এদিকে একই বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ও শৃঙ্খলা বোর্ডের প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, পিএইচডি স্কলারশিপ-সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্তে দেখা যায়, শিক্ষা ছুটি শেষে দেশে ফিরে তিনি প্রয়োজনীয় একাধিক নথি জমা দেননি। এ বিষয়ে বারবার লিখিতভাবে যোগাযোগ করা হলেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।
রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাকেও বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা আর্থিক সুবিধা বিধি মোতাবেক ফেরত দিতে হবে।