নিইজ প্রবাসী ডেক্স :

প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারের চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা এখনো চলছে এবং বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন।

এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস শেষ হয়েছে। বর্তমানে চতুর্থ মাসের চিকিৎসা চলছে। আরও দুই মাস কেমো নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। এরপর চিকিৎসা ও বিশ্রামের কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলেন।

এখন কাজে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, চলতি মাস থেকেই শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে শুটিং শুরুর চূড়ান্ত সময়সূচি এখনো জানাননি তিনি।

দীর্ঘ সময় শুটিং না করার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস কাজ করতে পারেননি। তখন শারীরিক অবস্থা তুলনামূলক বেশি খারাপ ছিল। বর্তমানে অনেকটা সুস্থ বোধ করায় আবার কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও লাইভে তুলে ধরেন তানিয়া। যারা তার জন্য অপেক্ষা করছেন এবং অভিনয়ে ফেরার প্রত্যাশা করছেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলীসহ আরও অনেকে।

চিকিৎসা চলমান থাকলেও অভিনয়ে ফেরার প্রস্তুতিতে আশাবাদী তানিয়ার ভক্ত-দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts