প্রতিনিধি ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী সাধন কুমারসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা থানা, নাভারন সার্কেল ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকড়া এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। এ সময় ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক অন্য তিনজন হলেন মিঠুন কুমার, নয়ন কুমার ও জনি। পুলিশ সূত্রে জানা যায়, সাধন কুমার দীর্ঘদিন ধরে বাঁকড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সময় সাধনকে আটকের চেষ্টা করলে তার পরিবারের কয়েকজন নারী সদস্য পুলিশের সঙ্গে উত্তেজনাকর আচরণ করেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় মাদক বিক্রির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। তাদের দাবি, মাদক ব্যবসার পেছনে থাকা অন্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। মাদকের কারণে কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।
চারজনকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ঝিকরগাছা উপজেলায় মাদক বিক্রি, সেবন বা কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।