নিউজ প্রবাসী ডেক্স :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সফরের মূল কর্মসূচি শুরু হবে ২২ সেপ্টেম্বর। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রাতঃরাশ সভায় যোগ দেবেন তিনি। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন।
২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বৈশ্বিক বৈষম্য মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন তিনি।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন তারেক রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। ভাষণটি বাংলায় দেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের কর্মসূচির বাইরে কয়েকটি দেশের সরকারপ্রধান ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে। কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট, মেটাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থানের মতো বিষয় উঠে আসতে পারে।
২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।