নিউজ প্রবাসী ডেক্স :
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা, রেললাইন অবরোধ ও স্টেশন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চাচাকে নিতে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব। সেখানে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্ব পালনরত রেলওয়ে নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব ওই ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। পরে রাত পৌনে ১২টার দিকে একদল শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশন কার্যালয়ে ঢুকে জানালার কাচ ও চেয়ার ভাঙচুর করেন। এতে স্টেশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করে সেখানে অবস্থান নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
অবরোধের কারণে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের নির্ধারিত যাত্রাও ব্যাহত হয়। রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা ছাড়তে পারেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত দেড়টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা স্টেশনে যান। পরে বিএনপির নেতাকর্মীরা স্টেশন ভাঙচুরের প্রতিবাদে সেখানে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এদিকে শিক্ষার্থী মারধরের ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন। রেলওয়ের দপ্তরাদেশে বলা হয়েছে, স্টেশনে সংঘটিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, এ ধরনের সহিংসতা কাম্য নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হচ্ছে। একই সঙ্গে আইনগতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
অন্যদিকে, স্টেশন ভাঙচুরের ঘটনাকেও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts