নিউজ প্রবাসী ডেক্স :
টানা অতি ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, জাকির হোসেন রোডসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানান, সোমবার দুপুর পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বর্ষা মৌসুমজুড়ে থেমে থেমে বৃষ্টি চলবে।
জলাবদ্ধতার কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতিও কম ছিল।
আগ্রাবাদ এলাকার বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। মঙ্গলবারের রেকর্ড বৃষ্টির পর বুধবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। আজও সেই দুর্ভোগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।