নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ ১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন—দুদক।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম খান ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। দুদক আইন অনুযায়ী, যোগদানের দিন থেকে তারা পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করলে কমিশনের শীর্ষ তিন পদই শূন্য হয়ে যায়। এতে নতুন অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের, তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল।
নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর নেন। এখন দুর্নীতি দমন ও প্রতিরোধে নতুন নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—সেদিকেই নজর সংশ্লিষ্টদের।