নিউজ প্রবাসী ডেক্স :
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাজুর মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাসেলের পায়ে গুলি লেগেছে।
ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতাদের ভাষ্য, এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান।
তবে পুলিশের পক্ষ থেকে হামলার কারণ বা হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনাটি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। স্থানীয় সময় রোববার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। দেশে তার স্ত্রী, তিন সন্তানসহ মা-বাবা ও ভাই-বোন রয়েছেন।
আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তিনিও দালালের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সূত্র জানিয়েছে।
নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, নিহত রাজুর স্বজনরা বাংলাদেশ থেকে ফোন করে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।