নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইন পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের আবু তাহের (৫০) ও ধর্মপুর ইউনিয়নের আব্দুস শুক্কুর (৪০)। আবু তাহের অটোরিকশার যাত্রী এবং আব্দুস শুক্কুর ছিলেন চালক।
চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ জানায়, অটোরিকশাটি রেললাইনে উঠে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে নিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভের কারণে রেলপথে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হয়।
দোহাজারী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাফর আলম জানান, স্থানীয়দের অবস্থানের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস এবং ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে দোহাজারী স্টেশন অতিক্রম করে।
প্রবাল এক্সপ্রেসের প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট এবং কক্সবাজার এক্সপ্রেসের প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বিলম্ব হয়। পরে পুলিশ স্থানীয়দের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।