জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে যৌথ বাহিনী নির্দেশাবলি জারি করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট রোববার (১৫ নভেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়ে পৃথক নির্দেশনা এলো।
প্রকাশিত নির্দেশনায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কমিশন্ড অফিসার, এএফএনএস কর্মকর্তা, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার এবং জুনিয়র কমিশন্ড অফিসাররা।
এ ছাড়া রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্যসহ সমপর্যায়ের অন্যান্য ব্যক্তিরাও এ নির্দেশনার আওতায় থাকবেন।
নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট পদ ও শ্রেণি অনুযায়ী মূল বেতন, বেতনের অন্যান্য উপাদান, বিভিন্ন ধরনের ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণের প্রক্রিয়া আরও সুস্পষ্ট কাঠামোর আওতায় আসবে।