রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের জন্য অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক হাসনাত কবির জানান, আবেদন প্রক্রিয়া শেষে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবার ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার ক্ষেত্রে জিপিএর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এ ও বি ইউনিটে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

অন্যদিকে, সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সম্মিলিতভাবে জিপিএ ৭.৫০ অর্জন করতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্ধারিত যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে পাঁচটি এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে ‘বি’ এবং তিনটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য বিভাগের বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান বিভাগের সি ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি মানবিক বিভাগের এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts