ইয়েমেনে নতুন করে সংঘাতের উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ৬০০ সেনাকে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা। কোনো ধরনের বন্দি বিনিময় ছাড়াই রোববার (১৫ নভেম্বর) রাজধানী সানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর সরকারি বাহিনীর এসব সদস্যকে আটক করেছিল হুথিরা। এবার কোনো শর্ত ছাড়াই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা জানিয়েছেন, বিনিময় ছাড়াই একসঙ্গে এতসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়ার ঘটনা তাঁদের জন্য উল্লেখযোগ্য। এর আগে মানবিক বিবেচনায় আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ইয়েমেন সরকার তাঁদের যোদ্ধাদের মুক্তি দেয়নি বলে অভিযোগ করেন এই কর্মকর্তা।
এ ছাড়া বন্দি মুক্তির প্রক্রিয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মুক্তির আগে রেডক্রসের প্রতিনিধিরা প্রত্যেক বন্দির সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। দীর্ঘ সাত বছর সামরিক অভিযান চালিয়েও হুথিদের পরাস্ত করতে পারেনি জোটটি। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।