
নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের সীমান্ত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার ধনা সার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে পৌঁছানোর পর দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এছাড়া বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাকিস্তানের দুর্গম পাহাড়ি সড়কে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ বাঁক এবং যানবাহনের ত্রুটির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক এই দুর্ঘটনাও দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।