মহাকাশ অভিযানে নতুন এক ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবোটিক মহাকাশযান ভয়েজার-১। উৎক্ষেপণের প্রায় ৪৯ বছর পর পৃথিবী থেকে এক আলোক-দিবসের সমান দূরত্ব অতিক্রম করতে যাচ্ছে মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী এই মহাকাশযান।

এক আলোক-দিবস বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, তাকে বোঝায়। এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার। নাসার তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটে চলা ভয়েজার-১ বুধবার ইস্টার্ন টাইম ভোর ৫টা ১৬ মিনিটে, বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিটে এই দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাইলফলক অর্জনের মধ্য দিয়ে মহাকাশযানটি মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু হিসেবে নতুন রেকর্ড গড়বে। ১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে দীর্ঘ সময় ধরে মহাকাশের গভীরে যাত্রা অব্যাহত রেখেছে এটি।

ভয়েজার কর্মসূচির সঙ্গে ১৯৭৩ সাল থেকে যুক্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) জ্যেষ্ঠ গবেষণা বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিদ অ্যালান কামিংস এ অর্জনকে বড় প্রকৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। তাঁর মতে, এত দীর্ঘ সময় ধরে মহাকাশযানটি সচল রাখা এবং বিপুল দূরত্ব সত্ত্বেও এর সঙ্গে যোগাযোগ বজায় রাখা অসাধারণ কৃতিত্ব।

১৯৭৭ সালে ভয়েজার-১-এর পাশাপাশি এর যমজ মহাকাশযান ভয়েজার-২-ও উৎক্ষেপণ করা হয়। তবে ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত ভয়েজার-১ কয়েক মাসের মধ্যেই তার যমজ যানটিকে ছাড়িয়ে যায়। সৌরজগতের বাইরের গ্রহগুলো পর্যবেক্ষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এ দুটি মহাকাশযান বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে।

ভয়েজার-১ বৃহস্পতি গ্রহের চারপাশে একটি পাতলা বলয় এবং আগে অজানা থাকা থিবি ও মেটিস নামের দুটি উপগ্রহের সন্ধান দেয়। পরে শনির পাঁচটি নতুন উপগ্রহ এবং জি-রিং নামের একটি বলয় সম্পর্কেও তথ্য পাঠায়। অন্যদিকে ভয়েজার-২ ইউরেনাস ও নেপচুনসহ সৌরজগতের বাইরের বিভিন্ন গ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সরবরাহ করে।

২০১২ সালে সূর্যের তৈরি কণা ও চৌম্বক ক্ষেত্রের প্রভাববলয় হেলিওস্ফিয়ারের সীমানা অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার-১। এরপরও এটি বৈজ্ঞানিক তথ্য পাঠানো অব্যাহত রেখেছে। ২০১৮ সালে একই অঞ্চলে প্রবেশ করে ভয়েজার-২।

অ্যালান কামিংসের মতে, আন্তঃনাক্ষত্রিক মহাকাশে নিম্ন শক্তির গ্যালাকটিক মহাজাগতিক রশ্মি সম্পর্কে তথ্য সংগ্রহে ভয়েজার-১ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সৌরবায়ুর প্রভাবে হেলিওস্ফিয়ারের ভেতর থেকে এসব কণার পর্যবেক্ষণ কঠিন হওয়ায় মহাকাশবিজ্ঞানে এ তথ্য বিশেষ গুরুত্ব বহন করে।

ভয়েজার অভিযানের সঙ্গে কামিংসের সম্পর্কও দীর্ঘদিনের। ২৯ বছর বয়সে এই প্রকল্পে যুক্ত হওয়া বিজ্ঞানীর বর্তমান বয়স ৮২ বছর। তাঁর ভাষ্য, একটি গবেষণা বেলুন দুর্ঘটনার পর ভয়েজার দলের সঙ্গে কাজের সুযোগ পান তিনি। এরপর দীর্ঘ ৫৩ বছর ধরে এই মিশনের তথ্য বিশ্লেষণ ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর কাছে ভয়েজার কর্মসূচি কর্মজীবনের অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে।

ভয়েজার-১-এর পর ২০৩৫ সালের নভেম্বরে পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোর পথে রয়েছে ভয়েজার-২। ফলে একই ধরনের মাইলফলক অর্জনে আরও প্রায় নয় বছর সময় লাগতে পারে।

দুটি মহাকাশযানেই রয়েছে বিশেষভাবে তৈরি ‘গোল্ডেন রেকর্ড’। ১২ ইঞ্চি ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার এই রেকর্ডে পৃথিবীর বিভিন্ন ছবি, শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে চাক বেরির ‘জনি বি. গুড’, বিটোফেনের পঞ্চম সিম্ফনি এবং অস্ট্রেলিয়ার আদিবাসী সংগীতও রয়েছে। পাশাপাশি পৃথিবীর অবস্থান শনাক্ত করার নির্দেশনাও যুক্ত করা হয়েছে।

ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীর কাছে পৃথিবীর পরিচয় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রেকর্ডগুলো তৈরি করা হয়েছিল। তবে পৃথিবীর অবস্থান ও পরিচয় এভাবে প্রকাশ করা কতটা নিরাপদ, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, শত্রুভাবাপন্ন কোনো ভিনগ্রহী সভ্যতা রেকর্ডটি খুঁজে পেলে তা বিপদের কারণ হতে পারে। তবে অ্যালান কামিংস মনে করেন, ভিনগ্রহীদের হাতে রেকর্ডটি পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts