২০২৭ সালের পবিত্র হজ পালনে সৌদি আরবের বাড়ানো কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটার বিপরীতে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করা হতে পারে।
রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছিল। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়।
পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার কিছু আসন অব্যবহৃত থাকায় বর্ধিত ও অবশিষ্ট কোটার বিপরীতে নতুন করে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সুযোগ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।