নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ইনচার্জ অজিঙ্ক শিন্দেকে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং কয়েকজন শীর্ষ নেতা পুলিশের হাতে আটক হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা দলের শীর্ষ নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারাকেও আটক করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে আটকের আশঙ্কা আগে থেকেই করেছিলেন অভিজিৎ। সে কারণে শীর্ষ নেতারা আটক হলে আন্দোলন পরিচালনার দায়িত্ব অজিঙ্ক শিন্দের হাতে দেওয়ার ব্যবস্থা করে রাখেন তিনি।
শনিবার আগে থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় অভিজিৎ জানান, দলের অন্য নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্দে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেবেন। তাঁকে অনুসরণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলীয় সমর্থকদের প্রতিও আহ্বান জানান তিনি।
অভিজিৎকে আটকের কিছুক্ষণ পরই ভিডিওটি সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ভিডিওটি যাঁরা দেখছেন, তাঁরা যেন বুঝতে পারেন যে তিনি, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে শিন্দে দলের আন্দোলন ও বিক্ষোভের নেতৃত্ব দেবেন।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়নও পুলিশের হাতে আটক হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেতাদের আটকের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। এখন কর্মসূচি পরিচালনায় অজিঙ্ক শিন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।