নিউজ প্রবাসী ডেক্স :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস বাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।