নিউজ প্রবাসী ডেক্স :

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
শনিবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলার ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে, যেখানে বন্যা ও পাহাড় ধসে ২৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে প্রাণ হারিয়েছেন ১১ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৭ লাখ ৫৯ হাজার ৫৩০ জন মানুষ দুর্ভোগে পড়েছেন। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৭ জন। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জেও হাজারো মানুষ পানিবন্দি রয়েছেন।
দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন। তবে অনেক দুর্গম এলাকায় এখনো ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চাল, নগদ অর্থ ও অন্যান্য জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts