নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকলেও দেশের বড় ও ক্রমবর্ধমান বাজার, তরুণ জনগোষ্ঠী এবং কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ শক্তি। সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নিয়ন্ত্রণমুক্তকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে।
জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও বিভিন্ন খাতের সুযোগ নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ এবং সরকারি সেবা ডিজিটাল করার কাজ করছে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্সসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts